মদিনা

মদিনা

আল-মাদিনা আল-মুনাওয়ারা (আরবি: المدينة المنورة) পশ্চিম সৌদি আরবের হেজাজ অঞ্চলের একটি প্রসিদ্ধ শহর এবং মদিনা প্রদেশের রাজধানী। মক্কার পরে মুসলিমদের দ্বিতীয় পবিত্র শহর, মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-এর রওজা শরীফ তথা সমাধি অবস্থিত। এই শহরটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ কারণ মুহাম্মাদ (সা.) হিজরতের পরে মদিনায় বসবাস করেছিলেন। নানা ঐতিহাসিক কারণে মদিনা মুসলমানদের কাছে তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ।

ইসলামের প্রাচীনতম ও ঐতিহাসিক তিনটি মসজিদ যেমন মসজিদুল নববী, কুবা মসজিদ (যেটি ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ) এবং মসজিদ আল কিবলাতাইন (যে মসজিদে মুসলমানদের কিবলা পরিবর্তন হয়েছিল) অবস্থিত। মুহাম্মাদ (সা.) ৬২২ খ্রিষ্টাব্দে তার সাহাবী আবু বকরকে সঙ্গে নিয়ে পবিত্র মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করেন। খলিফা উমরের (রা.)-এর শাসনামলে সেই স্মৃতির উপর ভিত্তি করে ইসলামি বর্ষপঞ্জি প্রতিষ্ঠিত হয় যা সন হিজরি বলে পরিচিতি লাভ করে। মুহাম্মাদ (সা.) মদিনায় হিজরতের পরে কুরআনের যেই বাণী নাজিল হয়েছিল তাকে মাদানী সূরা বলা হয়।

হেজাজের মতো মদিনা তার তুলনামূলকভাবে সংক্ষিপ্ত অস্তিত্বের মধ্যে অনেকগুলো ক্ষমতার অধীনে ছিল। অঞ্চলটি ইহুদি-আরবীয় উপজাতিদের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে (৫ম খ্রিস্টাব্দ পর্যন্ত), আউসখাযরাজ (মুহাম্মদের আগমন পর্যন্ত), মুহাম্মাদ এবং রাশিদুন (৬২২-৬৬০ খ্রিস্টাব্দ), উমাইয়া (৬৬০-৭৪৯ খ্রিষ্টাব্দ), আব্বাসীয় (৭৪৯-১২৫৪ খ্রিস্টাব্দ), মিশরের মামলুক (১২৫৪-১৫১৭ খ্রিস্টাব্দ), উসমানীয় (১৫১৭–১৮০৫ খ্রিস্টাব্দ), প্রথম সৌদি রাষ্ট্র (১৮০৫-১৮১১ খ্রিস্টাব্দ), মুহাম্মদ আলি পাশা (১৮১১–১৮৪০ খ্রিস্টাব্দ), দ্বিতীয়বারের জন্য উসমানীয়রা (১৮৪০-১৯১৮), হাশিমদের অধীনে মক্কা শরিফাত (১৯১৮-১৯২৫ খ্রিস্টাব্দ) এবং অবশেষে বর্তমান সৌদি আরব সাম্রাজ্যের হাতে (১৯২৫-বর্তমান খ্রিস্টাব্দ)।[]

জিয়ারতের জন্য পরিদর্শন করার পাশাপাশি, পর্যটকরা শহরের অন্যান্য বিশিষ্ট মসজিদ এবং ঐতিহাসিক নিদর্শন পরিদর্শন করতে আসে যেগুলো ধর্মীয় গুরুত্ব বহন করে যেমন উহুদ পর্বত, জান্নাতুল বাকি কবরস্থান এবং অন্যান্যদের মধ্যে সাত মসজিদ অন্যতম। সম্প্রতি, সৌদির হেজাজ বিজয়ের পর, সৌদিরা সুন্নি ইসলামের মধ্যে তাদের ওয়াহাবি বিশ্বাসের কারণে এই অঞ্চলে এবং এর আশেপাশে বেশ কয়েকটি সমাধি ও গম্বুজ ধ্বংস করে।[]

নামকরণ

ইয়াসরিব

ইসলামের আবির্ভাবের আগে শহরটি ইয়াসরিব নামে পরিচিত ছিল (উচ্চারণ [ˈjaθrɪb]; يَثْرِب), ধারণা করা হয় একজন আমালেকীয় রাজা ইয়াসরিব মাহলাইলের নামে নামকরণ করা হয়েছে।[][] ইয়াসরিব শব্দটি হারানে পাওয়া একটি শিলালিপিতে পাওয়া যায়, যা ব্যাবিলনীয় রাজা নাবোনিডাসের (৬ষ্ঠ শতাব্দী খ্রিস্টপূর্বাব্দ) [] অন্তর্গত এবং পরবর্তী শতাব্দীতে বেশ কয়েকটি গ্রন্থে এটি ভালভাবে দাবি করা হয়েছে।[] আল-কুরআন এর সূরা আহযাব এর একটি আয়াতে ইয়সরিব শব্দটির উল্লেখ রয়েছে। [কুরআন ৩৩:১৩] এবং খন্দকের যুদ্ধ পর্যন্ত শহরের এই নাম ছিল বলে জানা যায়। ইসলামী ঐতিহ্য অনুসারে, হযরত মুহাম্মদ (স:) পরে এই নামে শহরটিকে ডাকতে নিষেধ করেছিলেন।[] রাসুলে করিম (সা.)–এর হিজরতের পর এই ইয়াসরিবের নাম পরিবর্তন করে ‘মদিনাতুন নবী’ বা ‘নবীর শহর’ এ নতুন নামকরণ করা হয়। সংক্ষেপে বলা হয় মদিনা। আরবিতে বলা হয় ‘মদিনা মুনাওয়ারা’ তথা ‘আলোক শহর’ বা আলোকিত নগরী।[১০]

ইতিহাস

মদিনায় রয়েছে বেশ কয়েকটি উল্লেখযোগ্য অবকাঠামো ও স্থান, যার বেশিরভাগই মসজিদ ও ঐতিহাসিক তাৎপর্য ধারণ করে। এর মধ্যে রয়েছে উল্লিখিত তিনটি মসজিদ, মসজিদ আল-ফাত (মসজিদ আল-খন্দক নামেও পরিচিত), সাতটি মসজিদ, জান্নাতুল বাকি - যেখানে অনেক সাহাবা ও বিখ্যাত ইসলামিক ব্যক্তিত্বের কবর রয়েছে বলে ধারণা করা হয়; নবীর মসজিদের সরাসরি দক্ষিণ-পূর্বে উহুদ পর্বত, উহুদের যুদ্ধের স্থান এবং পবিত্র কোরআন মুদ্রণের জন্য বাদশাহ ফাহদ কমপ্লেক্স, যেখানে বেশিরভাগ আধুনিক কুরআনের মুসহাফ মুদ্রিত হয়।

প্রাথমিক ইতিহাস এবং ইহুদি নিয়ন্ত্রণ

মুহাম্মদের হিজরতের অন্তত ১৫০০ বছর আগে বা আনুমানিক ৯ম শতাব্দীর খ্রিস্টপূর্বাব্দ থেকে মদিনাতে মানুষ বসবাস করে।[১১] খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীর মধ্যে, আরব উপজাতিরা ইয়েমেন থেকে প্রবেশ করা শুরু করে এবং মুহাম্মদের সময় শহরটিতে তিনটি বিশিষ্ট ইহুদি উপজাতি বাস করত: বনু কাইনুকা, বনু কুরাইজা এবং বনু নাদির[১২] ইবনে খোরদাদবেহ পরে জানিয়েছিলেন যে হেজাজে পারস্য সাম্রাজ্যের আধিপত্যের সময়, বনু কুরাইজা পারস্য শাহের কর আদায়কারী হিসাবে কাজ করেছিল।[১৩]

বনু আউস এবং বনু খাযরাজ নামে দুটি নতুন আরব গোত্রের আগমনের পর পরিস্থিতি পাল্টে যায়। প্রথমে, এই উপজাতিগুলো এই অঞ্চলে শাসনকারী ইহুদি উপজাতিদের সাথে জোটবদ্ধ ছিল, কিন্তু পরে বিদ্রোহ করে এবং স্বাধীন হয়েছিল।[১৪]

মুহাম্মদ ও রাশিদুনের অধীনে

৬২২ খ্রিস্টাব্দে (১ হিজরি), মুহাম্মদ এবং আনুমানিক ৭০ জন মক্কার মুহাজিরুন ইয়াসরিবে গমনের জন্য মক্কা ত্যাগ করেন, এই ঘটনা শহরের ধর্মীয় ও রাজনৈতিক দৃশ্যপটকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করেছিল; আউস ও খাযরাজ গোত্রের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা ম্লান হয়ে যায় কারণ দুটি আরব গোত্রের এবং কিছু স্থানীয় ইহুদি নতুন ধর্ম ইসলাম গ্রহণ করে। মুহাম্মদ তার প্রপিতামহের মাধ্যমে খাজরাজ গোত্রের সাথে সম্পর্কিত ছিলেন এবং শহরের নেতা হিসাবে সম্মানিত হন। ইয়াসরিবের স্থানীয় অধিবাসীরা যারা যেকোন পটভূমিতে ইসলাম গ্রহণ করেছিল- পৌত্তলিক আরব বা ইহুদি- তাদেরকে আনসার ("পৃষ্ঠপোষক" বা "সহায়ক") বলা হত, যেখানে মুসলিমরা যাকাত কর দিতেন।

ইবনে ইসহাকের মতে, এলাকার সকল গোত্র মদিনার সনদে সম্মত হয়েছিল, যা মুহাম্মদের নেতৃত্বে সকল দলকে পারস্পরিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিল। ইবনে ইসহাক কর্তৃক লিপিবদ্ধ এবং ইবনে হিশাম কর্তৃক সংকলিত এই নথির প্রকৃতি নিয়ে আধুনিক পশ্চিমা ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে, যাদের মধ্যে অনেকেই মনে করেন যে এই "চুক্তি" সম্ভবত লিখিত নয় বরং বিভিন্ন তারিখের মৌখিক বিভিন্ন চুক্তির একটি মিশ্রণ এবং এগুলো কখন চুক্তি হয়েছিল তা স্পষ্ট নয়। অন্যান্য পণ্ডিতরা, যারা পশ্চিমা এবং মুসলিম, উভয়ই যুক্তি দেন যে চুক্তির পাঠ্য - একটি একক দলিল মূল বা একাধিক - যেটিই হোক না কেন, এটি সম্ভবত আমাদের কাছে থাকা প্রাচীনতম ইসলামী পাঠ্যগুলোর মধ্যে একটি।[১৫] ইয়েমেনি ইহুদি সূত্রে, মুহাম্মদ এবং তার ইহুদি প্রজাদের মধ্যে আরেকটি চুক্তির খসড়া তৈরি করা হয়েছিল, যা কিতাব দিম্মাত আল-নবী নামে পরিচিত, এটি হিজরির ৩য় বছরে (৬২৫ খ্রিস্টাব্দে) রচিত হয়েছিল এবং যা আরবে বসবাসকারী ইহুদিদের স্বাধীনতা দিয়েছিল সাব্বাথ করার এবং তাদের ঝুলপি লম্বা করার। বিনিময়ে, তাদের পৃষ্ঠপোষকদের দ্বারা সুরক্ষার জন্য তাদের প্রতি বছর জিজিয়া প্রদান করতে হয়েছিল।[][১৬]